ফিফা সম্প্রতি বিশ্বকাপে দল সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে ৬৪ করার পরিকল্পনা নিয়ে আলোচনা শুরু করেছে।
ক্রীড়াবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন জানিয়েছে, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই পরিকল্পনা নিয়ে ১৪ আগস্টের মধ্যে সিদ্ধান্ত নিতে চান।
এর আগে, বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির পরিকল্পনা করায় ফিফা তীব্র সমালোচনার মুখে পড়ে এবং শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে দাঁড়াতে বাধ্য হন ইনফান্তিনো।
ফিফা একটি গবেষণাপত্র প্রকাশ করেছে, যার শিরোনাম ‘ছেলেদের বিশ্বকাপ ৬৪ দলে সম্প্রসারণের সম্ভাবনা’। এতে বলা হয়েছে, বিশ্বকাপের সম্প্রসারণের কৌশলগত প্রভাব বিশ্লেষণ করা হচ্ছে।
ফিফার নথিতে উল্লেখ করা হয়েছে, ২০৩০ বিশ্বকাপে ৬৪ দলের টুর্নামেন্ট আয়োজনের সম্ভাব্য প্রভাব সম্পর্কে জানতে একটি স্বাধীন সংস্থাকে নিয়োগ দিতে চায় ফিফা।
৩০ জুলাই গবেষণার প্রস্তাব আহ্বান করা হয়েছে এবং ৭ আগস্টের মধ্যে বিভিন্ন সংস্থাকে তাদের প্রস্তাব জমা দিতে হবে। পূর্ণাঙ্গ বিশ্লেষণ জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ১১ সেপ্টেম্বর।
আঞ্চলিক ফুটবল সংস্থাগুলোর বিরোধিতার কারণে ইনফান্তিনো আরও চাপের মধ্যে রয়েছেন। ২০২৭ সালে ফিফা সভাপতি নির্বাচনে তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পাওয়ার সম্ভাবনা ছিল, তবে বিশ্বকাপ বাড়ানোর উদ্যোগ নতুন করে তার বিরোধিতা বাড়াতে পারে।