ভারতের অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানে আন্তর্জাতিক ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এই ঘোষণা দেন।
ভিডিওতে রাহানে বলেন, "জীবনের বাস্তবতা হলো—প্রতিটি জিনিসেরই শুরু ও শেষ আছে। যখন সময় আসে, আমাদের কেবল সেটাকে মর্যাদা দিয়ে সামনে এগিয়ে যেতে হবে।" ৩৮ বছর বয়সী এই ব্যাটার জানান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর এটাই সঠিক সময়।
রাহানে ভারতের হয়ে ৮৫টি টেস্ট, ৯০টি ওয়ানডে এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। টেস্টে তার গড় ৩৮.৪৬, যেখানে করেছেন ৫ হাজার ৭৭ রান। এর মধ্যে তার ১২টি টেস্ট সেঞ্চুরির ৮টি এসেছে বিদেশের মাটিতে।
ওয়ানডেতে রাহানের রান ২৯৬২ এবং টি-টোয়েন্টিতে ৩৭৫ রান। ২০২৩ সালের জুলাইয়ে জাতীয় দলের জার্সিতে সবশেষ মাঠে নেমেছিলেন তিনি।