অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের কাছে ভারতের অস্ত্র বিক্রি গাজার গণহত্যায় জড়িত হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে চলমান গণহত্যায় ব্যবহৃত হওয়ার সম্ভাবনা থাকা সত্ত্বেও ভারত ইসরায়েলকে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে। ভারতীয় সংস্থাগুলো ইসরায়েলি সামরিক সরবরাহকারীদের কাছে সামরিক মানের অস্ত্রের অন্তত ৩ লাখ ৯০ হাজার ৫১৬টি ছোট অস্ত্রের যন্ত্রাংশ, ড্রোন ওয়ারহেড ও আর্টিলারি শেলের খোলসের মতো বিস্ফোরক অস্ত্রের ৫ লাখ ৬৪ হাজার ৯৭০টি যন্ত্রাংশ এবং সামরিক যানবাহনের ২৯৮টি উপাদান সরবরাহ করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ভারত ইসরায়েলি প্রতিরক্ষা খাতের সাথে একটি ঘনিষ্ঠ ও লাভজনক অংশীদারিত্ব গড়ে তুলেছে এবং ইসরায়েলের সামরিক অভিযানকে সমর্থনকারী হয়ে উঠেছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তদন্তকারীরা ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ভারত থেকে ইসরায়েলে পাঠানো অস্ত্র, গোলাবারুদ, যন্ত্রাংশ ও উপাদানের ২ হাজার ৫৯৬টি চালান বিশ্লেষণ করেছেন। গাজায় ইসরায়েলের ব্যাপক আক্রমণ শুরুর দিনটির কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।