ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন, সাম্প্রতিক সংঘাতে ইরান জয়ী হয়েছে। তবে, এই বিজয়কে টেকসই করতে দেশের জন্য দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা প্রধান চ্যালেঞ্জ।
গালিবাফ বলেন, "যুদ্ধে অর্জিত সাফল্যকে সুসংহত করতে হবে এবং স্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে হবে।" তিনি দেশের জনগণের মধ্যে একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে আশা ও আস্থা ধরে রাখার গুরুত্বও উল্লেখ করেন।
তিনি আরও বলেন, "একটি শক্তিশালী ইরান গড়ে তুলতে হলে সর্বোচ্চ নেতার নির্বাহী কর্তৃত্ব ও কার্যকর সক্ষমতা সম্প্রসারণ করতে হবে।" গালিবাফের মতে, শক্তিশালী রাষ্ট্র বিনির্মাণের প্রচেষ্টা এই ভিত্তির ওপর শুরু হওয়া উচিত।
এদিকে, শনিবার (১ আগস্ট) ট্রাম্পের যুদ্ধ নিয়ে মন্ত্রিসভা বৈঠকের মধ্যেই হরমুজ প্রণালিতে মার্কিন পাহারায় থাকা দুই ট্যাংকারে হামলা করেছে ইরান।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, নির্দেশ অমান্যকারী তেল ট্যাঙ্কারগুলোকে আঘাত করে থামিয়ে দেওয়া হয়েছে। অন্য চারটি তেল ট্যাঙ্কার দ্রুত গতিপথ পরিবর্তন করে পূর্বের অবস্থানে ফিরে গেছে।
জাহাজগুলো মার্কিন বিমানবাহিনীর পাহারায় একটি অঘোষিত পথ দিয়ে হরমুজ অতিক্রমের চেষ্টা করছিল। এ পরিস্থিতিতে যুদ্ধে জয়-পরাজয় নিয়ে রায় দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সমর বিশ্লেষকরা।