রাশিয়ার গবেষকরা ক্যানসারের চিকিৎসায় নতুন সম্ভাবনার কথা জানিয়েছেন। তাদের দাবি, পরীক্ষামূলক এমআরএনএ ভিত্তিক ক্যানসারের টিকা প্রথম রোগীর শরীরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখাতে শুরু করেছে। যদিও গবেষণাটি এখনো প্রাথমিক পর্যায়ে, বিজ্ঞানীরা একে ক্যানসার চিকিৎসায় অগ্রগতি হিসেবে দেখছেন।
গবেষকদের মতে, রোগ প্রতিরোধ ব্যবস্থাকে কাজে লাগিয়ে ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এ প্রযুক্তি আশাবাদী। গত এপ্রিলে ৬০ বছর বয়সী এক মেলানোমা রোগীর শরীরে প্রথমবারের মতো নিও-অনকো-ভ্যাক নামের টিকা প্রয়োগ করা হয়।
গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটের গবেষক আন্দ্রেই কাপরিন বলেন, “ক্যানসারের চিকিৎসা এতটাই আক্রমণাত্মক হয় যে চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়াই এর উপকারিতাকে ছাড়িয়ে যায়। তবে আমাদের এ টিকা সর্বশেষ বৈজ্ঞানিক অগ্রগতির ভিত্তিতে তৈরি করা হয়েছে।”
তিনি আরও জানান, টিকাটি সবার জন্য নয়। রোগীর টিউমার ও সুস্থ টিস্যুর জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করে আলাদাভাবে টিকা তৈরি করা হচ্ছে। বর্তমানে আরও ১০ জন রোগীর জন্য টিকা তৈরি করা হচ্ছে।
এছাড়া, কলোরেক্টাল ক্যানসারের জন্য তৈরি অনকো-পেপ্ট ওষুধেরও ইতিবাচক ফল পাওয়ার দাবি করেছে রাশিয়া। একই প্রযুক্তি ব্যবহার করে অগ্ন্যাশয়, কিডনি ও ফুসফুসের ক্যানসারের চিকিৎসা নিয়েও গবেষণা চলছে।
গবেষণাটি প্রাথমিক পর্যায়ে থাকলেও বিজ্ঞানীরা একে ক্যানসার চিকিৎসায় সম্ভাবনাময় অগ্রগতি হিসেবে দেখছেন।