সৌদি আরবের পূর্বাঞ্চলীয় একাধিক তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। সংগঠনটির মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ইয়েমেনের আকাশসীমায় সৌদি ড্রোনের অনুপ্রবেশ ও আগ্রাসনের পাল্টা জবাবে এই হামলা চালানো হয়েছে।
এদিকে, সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে যে, ইরাকের ভূখণ্ড থেকে ছোড়া সব ড্রোন ভূপাতিত করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, দেশের গুরুত্বপূর্ণ তেল স্থাপনা লক্ষ্য করে চালকবিহীন উড়োজাহাজ পাঠানো হয়েছিল, যা সফলভাবে প্রতিহত করা হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, সৌদি আরবের জাতীয় নিরাপত্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার পূর্ণ অধিকার রয়েছে এবং উপযুক্ত সময় ও স্থানে হামলার জবাব দেওয়ার অধিকারও তাদের রয়েছে।
হামলার ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী। হুতিদের ড্রোন হামলাকে সৌদি আরবের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে কাতার, কুয়েত, পাকিস্তান, সিরিয়া ও ওমান।