যুক্তরাজ্য তেহরানে অবস্থানরত সমস্ত দূতাবাসকর্মীকে প্রত্যাহার করে নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর নিরাপত্তা পরিস্থিতির কারণে কর্মীদের সাময়িকভাবে ইরান থেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে।
যদিও ব্রিটিশ দূতাবাসের কার্যক্রম পুরোপুরি বন্ধ হচ্ছে না, কর্মকর্তারা দূরবর্তী স্থান থেকে সীমিত আকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
এছাড়া, ইরানে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের সতর্ক করে বলা হয়েছে, তারা আটক, গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদের উচ্চ ঝুঁকিতে রয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ব্রিটিশ পাসপোর্ট থাকা, এমনকি ব্রিটিশ সংযোগ আছে—এমন ধারণাও গ্রেপ্তারের জন্য যথেষ্ট হতে পারে।' ইরানে গ্রেপ্তার হলে কয়েক মাস বা কয়েক বছরের কারাদণ্ড হতে পারে।
কিছুদিন আগে যুক্তরাজ্য জানিয়েছিল যে তারা ইরান থেকে কিছু কর্মীকে প্রত্যাহার করেছে, এবার বাকিদেরও সরিয়ে নেওয়া হলো।