ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারীদের ওপর পুলিশের বলপ্রয়োগের ঘটনায় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
গত ২০ ও ২১ জুলাইয়ের এই ঘটনার বিষয়ে জনস্বার্থে দায়ের করা দুটি মামলার শুনানির সময় প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় এবং বিচারপতি তেজস কারিয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ এই নির্দেশ দেন। আদালত বলেন, আবেদনকারীরা যেসব ঘটনার বিবরণ তুলে ধরেছেন, সেগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়।
পুলিশের ভূমিকার সমালোচনা করে বেঞ্চটি উল্লেখ করেন, আন্দোলনকারীদের ব্যক্তিগত অভিযোগ নিয়ে পুলিশের কাছে যাওয়ার পরামর্শ দেওয়া সঠিক হতে পারে, তবে ঘটনাগুলো মোটেও বিচ্ছিন্ন বিষয় নয়।
হাইকোর্ট আরও নির্দেশ দেন, বিবাদীদের পক্ষ থেকে আগামী চার সপ্তাহের মধ্যে পাল্টা হলফনামা দাখিল করতে হবে এবং আবেদনকারীদের প্রত্যুত্তর দাখিলের জন্য আরও দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে।
আদালত স্পষ্ট নির্দেশ দেন, রিট পিটিশনে উল্লিখিত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব ধরনের নথিপত্র, সিসিটিভি ফুটেজ এবং ভিডিও চিত্র যথাযথভাবে সংরক্ষণ করতে হবে। মামলাটির পরবর্তী শুনানির জন্য আগামী ১১ সেপ্টেম্বর দিন ধার্য করা হয়েছে।