ইরানে টানা দশম রাতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (২১ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, সিরিক, বন্দর আব্বাস, কেশম দ্বীপ, শাবাহার এবং কোনারাক অঞ্চলে একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এদিকে, উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, সাম্প্রতিক ঘণ্টাগুলোতে তারা বাহরাইন ও কুয়েতে মার্কিন সম্পদের উপর হামলা চালিয়েছে।
আইআরজিসি আরও জানায়, হরমুজ প্রণালিতে থাকা দুটি তেলবাহী ট্যাংকারে বড় ধরনের আগুন লেগেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, মার্কিন সেনাদের মৃত্যুর জন্য ইরানকে অনেক গুণ বেশি মূল্য দিতে হবে। তিনি উল্লেখ করেন, গত এক সপ্তাহে অন্তত তিনজন মার্কিন সামরিক সদস্য নিহত হয়েছেন।
অন্যদিকে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে। তাদের এই পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় আরও বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।