গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র্যাব। রোববার রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা পালিয়ে যান। রোববার তাকে গ্রেপ্তারের পর বিষয়টি নিশ্চিত করা হয়।
এ ঘটনায় শুক্রবার কারা কর্তৃপক্ষ কোনাবাড়ী থানায় মামলা দায়ের করে। মামলায় উল্লেখ করা হয়েছে, বন্দি রিম্পা কারা প্রাচীর টপকে পালিয়ে যান।
রিম্পা চুরির মামলায় তিন মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন এবং কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দি ছিলেন। বন্দি গণনার সময় তার অনুপস্থিতি ধরা পড়লে বিষয়টি প্রথম নজরে আসে।