ইসরায়েলি সংবাদপত্র হারেৎজের প্রতিবেদনে বরাত দিয়ে তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি জানিয়েছে, গাজায় শিশু হত্যা এখন ‘নিয়মিত ঘটনায়’ পরিণত হয়েছে। গত ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে গাজায় ২৭৪ শিশু নিহত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এই সংখ্যা অনুযায়ী যুদ্ধবিরতি শুরুর পর থেকে প্রতিদিন গড়ে প্রায় একজন শিশুর মৃত্যু হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২১ হাজারের বেশি শিশু নিহত হয়েছে।
হারেৎজের তথ্য অনুযায়ী, নিহত শিশুদের বেশিরভাগই বিমান হামলায় প্রাণ হারিয়েছে। স্নাইপার হামলা, ভবন ধসে পড়া এবং বিস্ফোরণের ধ্বংসাবশেষের আঘাতেও অনেক শিশুর মৃত্যু হয়েছে।
গাজার ভেঙে পড়া স্বাস্থ্যব্যবস্থার কারণে অনেক শিশু আহত হওয়ার পরেও চিকিৎসা না পেয়ে মারা গেছে। ক্ষুধা ও রোগেও কিছু শিশুর মৃত্যু হয়েছে, তবে এসব মৃত্যুকে সরকারি নিহতের হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি।
প্রতিবেদনে গাজার ভয়াবহ মানবিক পরিস্থিতির কথাও তুলে ধরা হয়েছে। গাজার প্রায় ১৭ লাখ মানুষ বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও স্যানিটেশন সুবিধা ছাড়াই তাঁবুতে বসবাস করছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানানো হয়েছে, ২০২৫ সালের ১০ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল বারবার লঙ্ঘন করেছে। বৃহস্পতিবার পর্যন্ত এসব ঘটনায় ১ হাজার ১২৭ ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ৬৪৩ জন আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৮ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে অন্তত ৭৩ হাজার ২৫০ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৩ হাজার ৭৫১ জন আহত হয়েছেন। গাজার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।