যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার (১৭ জুলাই) দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়ার জন্য কানাডাকে দায়ী করেছেন। তিনি কানাডার উপর নতুন শুল্ক আরোপের হুমকি দেন। শনিবার (১৮ জুলাই) রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কানাডার শত শত দাবানল থেকে সৃষ্ট ঘন ধোঁয়া যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম থেকে উত্তর-পূর্ব পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে, যার ফলে বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকার জন্য সতর্কবার্তা দেওয়া হয়। এ বিষয়ে ট্রাম্প বলেন, "বিষয়টি সম্পূর্ণ অগ্রহণযোগ্য।" তিনি কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে ফোনে কথা বলার পরিকল্পনার কথা জানান।
ট্রাম্প বলেন, "কানাডা তাদের বনভূমির যথাযথ রক্ষণাবেক্ষণ না করার জন্য দায়ী। এর ফলে নোংরা, দূষিত ও অস্বাস্থ্যকর বাতাস মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে।" তিনি দাবি করেন, এটি একটি ইচ্ছাকৃত অবহেলা, যা বার্ষিক ঘটনায় পরিণত হচ্ছে এবং এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের শত শত কোটি ডলার ক্ষতি হচ্ছে।
তিনি আরও বলেন, "এই দূষণের খরচ অবশ্যই কানাডার বর্তমানে প্রদেয় শুল্কের সাথে যোগ করতে হবে।" তবে জলবায়ু বিশেষজ্ঞরা জানান, সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ তাপমাত্রার কারণে বন আরও শুষ্ক হয়ে পড়েছে এবং দাবানলের ঘটনা বেড়েছে। কানাডায় বিশ্বের অন্যতম বৃহত্তম বনভূমি রয়েছে।