রবিবার, ১৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইসরায়েল নিজস্ব 'জেডিএএম' বোমা উৎপাদনে যাচ্ছে

ইসরায়েল নিজস্ব জেডিএএম বোমা উৎপাদনের পরিকল্পনা করেছে, যা সামরিক সক্ষমতায় পরিবর্তন আনবে।

ইসরায়েল নিজস্ব 'জেডিএএম' বোমা উৎপাদনে যাচ্ছে

বিদেশি অস্ত্রের ওপর নির্ভরতা কমিয়ে সামরিক সক্ষমতায় স্বনির্ভর হওয়ার লক্ষ্যে ইসরায়েল নিজস্ব জেডিএএম (জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মুনিশন) বোমা উৎপাদনের পরিকল্পনা করেছে। দেশটি আগামী দুই বছরের মধ্যে এ ধরনের বোমার ব্যাপক উৎপাদনে যেতে পারে বলে জানিয়েছে।

জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে ইসরায়েলের যুদ্ধ পরিচালনার সক্ষমতায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। ২০২৪ সালের শেষ দিকে ইসরায়েল নিজস্ব বোমা উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেয়, যা তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের নির্দেশনায় এবং সাবেক বিচারপতি জ্যাকব টারকেলের নেতৃত্বাধীন কমিশনের সুপারিশের ফলস্বরূপ।

যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন গত বছরের মে মাসে ইসরায়েলের কাছে কিছু বোমা সরবরাহে আংশিক নিষেধাজ্ঞা আরোপ করে, যা ইসরায়েলকে নিজস্ব অস্ত্র উৎপাদনে আরও জোর দিতে বাধ্য করে। প্রথমে সাধারণ বা 'ডাম্ব' বোমা তৈরি করার লক্ষ্য ছিল, তবে পরে উদ্যোগটি উন্নত প্রযুক্তির বোমা, বিশেষ করে জেডএএম ও স্মার্ট বোমার দিকে অগ্রসর হয়।

জেডএএম মূলত একটি গাইডেন্স কিট, যা আনগাইডেড বোমাকে নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্রে রূপান্তর করে। এই বোমাগুলি প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কার্যকরভাবে ব্যবহার করা যায়। ইসরায়েল ইতোমধ্যে সাধারণ বোমাকে নির্ভুল অস্ত্রে রূপান্তরের জন্য কিছু কিট তৈরি করেছে, কিন্তু প্রয়োজনীয় পরিমাণ উৎপাদনের সক্ষমতা এখনও তৈরি হয়নি।

২০২৫ সালের ৭ জানুয়ারি, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে প্রায় ১০০ কোটি শেকেলের দুটি বড় চুক্তি করে। এই চুক্তির লক্ষ্য সামরিক সরঞ্জাম ও কাঁচামালের ক্ষেত্রে স্বনির্ভরতা বাড়ানো।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আমির বারাম জানান, গত দুই বছরে সেনাবাহিনীর প্রয়োজনীয় অস্ত্র, প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করতে বড় উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ইসরায়েল দুই পথে এগোচ্ছে: একদিকে নিজস্ব প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতা বাড়ানো, অন্যদিকে মিত্র দেশগুলোর সঙ্গে সামরিক ও কূটনৈতিক সহযোগিতা জোরদার করা।

বারাম আরও জানান, ইরান ও লেবাননের সঙ্গে সংঘাতের সময় ইসরায়েল গোলাবারুদ উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেয়। তিনি বলেন, আগাম প্রস্তুতি ও উৎপাদন সক্ষমতা বৃদ্ধির কারণে ইসরায়েলি বাহিনী বড় সরবরাহ সংকটের মুখে পড়েনি। তবে নিজস্ব অস্ত্র উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় অর্থের উৎস সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

বিজ্ঞাপন