দেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ১২০ ঘণ্টা সারাদেশে বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, বিশেষ করে রংপুরসহ উত্তরাঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আজ সকাল ৯টা থেকে কাল রোববার সকাল ৯টার মধ্যে রংপুর বিভাগের কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল (রোববার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় একই ধরণের বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্তও একই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী পাঁচদিন পরেও বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।