রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে এক বাণীতে মন্তব্য করেছেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে আপামর জনগণের ক্ষোভের বিস্ফোরণ।
তিনি বলেন, আজকের দিনটি বাংলাদেশের ইতিহাসে গভীর তাৎপর্যপূর্ণ। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহীদের অবদানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
রাষ্ট্রপতি বলেন, আন্দোলনে আহত তরুণ-তরুণীদেরও স্মরণ করা উচিত, যারা আজও যন্ত্রণাময় জীবনযাপন করছেন। শহীদ পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, তাদের অসীম ধৈর্য ও সাহস প্রশংসনীয়।
তিনি উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল বৈষম্য, দুর্নীতি, গুম-খুন এবং নিপীড়নের বিরুদ্ধে জনতার ক্ষোভের প্রতিফলন। ১৬ জুলাই রংপুরে আবু সাঈদের শাহাদত এবং অন্যান্য তরুণদের আত্মাহুতি আন্দোলনকে নতুন মোড় দেয়।
রাষ্ট্রপতি বলেন, এই গণ-অভ্যুত্থান কোনো একটি দলের একক অর্জন নয়; এটি ছিল গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষার ফল। জনগণের মৌলিক অধিকার এবং ন্যায়বিচার নিশ্চিত করাই রাষ্ট্রের দায়িত্ব।
তিনি বলেন, শহীদ ও আহতদের সম্মান, পরিবারগুলোর কল্যাণ এবং হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। সমাজের বিত্তবানদেরও এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতি বলেন, আসুন, শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। তিনি জুলাই শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন এবং দিবসটির সকল কর্মসূচির সফলতা প্রত্যাশা করেন।