২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হাফটাইম শোতে দেখা যাবে সুপার বোলের আদলে একটি জমকালো অনুষ্ঠান। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ফাইনালের বিরতি স্বাভাবিক সময়ের চেয়ে দীর্ঘ হয়ে ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত হতে পারে।
ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে। বিরতির সময় প্রায় ১১ মিনিটের একটি বিশেষ সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে, যেখানে পারফর্ম করবেন পপ তারকা ম্যাডোনা, শাকিরা এবং দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস।
ফিফার সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, হাফটাইম প্রায় ২০ মিনিট রাখার পরিকল্পনা রয়েছে। তবে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি-এর নিয়ম অনুযায়ী, খেলোয়াড়দের হাফটাইম বিরতির সময় ১৫ মিনিটের বেশি হওয়ার কথা নয়। এ বিষয়ে আলোচনা চলছে।
গত বছর নিউ ইয়র্ক-নিউজার্সিতে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালেও হাফটাইম ২৪ মিনিট স্থায়ী হয়েছিল। সেখানে কোল্ডপ্লে, জে বালভিন, ডোজা ক্যাট, টেমস ও ইমানুয়েল কেলি পরিবেশন করেছিলেন।
এদিকে, গত সপ্তাহে ফাইনালের হাফটাইম শোতে নতুন করে যুক্ত হয়েছেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার। এছাড়া বার্না বয়, গুস্তাভো দুদামেল এবং কোল্ডপ্লের ক্রিস মার্টিনের তত্ত্বাবধানে 'পিএস২২' কোরাস ও পারফর্ম করবে।
ফাইনাল ম্যাচটি স্থানীয় সময় রোববার (১৯ জুলাই) বিকেল ৩টায় শুরু হবে এবং দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে সমাপনী অনুষ্ঠান। সমাপনী আয়োজনে পারফর্ম করবেন টম ক্রুজ, লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস ও জনপ্রিয় কনটেন্ট নির্মাতা আই শো স্পিড। যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন গায়িকা জেনিফার হাডসন।
স্পেন ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে। তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনার মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দল।