ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তাঁর ৩০তম জন্মদিনে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে ৩০০টি ম্যানগ্রোভ গাছের চারা রোপণ করেছেন। গত ৯ জুলাই বাগেরহাটের মোংলায় পশুর নদীর তীরবর্তী কানাইনগর এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এই উদ্যোগের মাধ্যমে চমক পরিবেশ সংরক্ষণে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেন। 'সুন্দরী ইকো রিসোর্ট' এই কর্মসূচিতে সহযোগিতা করে।
জন্মদিনে এমন ভিন্নধর্মী উদ্যোগের বিষয়ে চমক বলেন, ‘মানুষ প্রকৃতিরই একটি অংশ। নাগরিক জীবনের ব্যস্ততা আর ইট-পাথরের দেয়াল ছেড়ে যত বেশি সবুজের কাছে ফেরা যায়, জীবন ততটাই অর্থবহ হয়ে ওঠে।’
তিনি সুন্দরবনের গুরুত্ব তুলে ধরে জানান, ‘সুন্দরবন আমাদের মায়ের মতো আগলে রাখে। কিন্তু দিন দিন এই বন সংকুচিত হচ্ছে, হুমকির মুখে পড়ছে বন্যপ্রাণীও।’
চমক আরও বলেন, ‘আমার এই ছোট্ট উদ্যোগের উদ্দেশ্য ছিল ভক্ত ও অনুসারীদের পরিবেশ রক্ষায় সচেতন করা। সবাই যদি নিজের জায়গা থেকে এগিয়ে আসি, তাহলে সুন্দরবনকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করা সম্ভব।’