জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার থানার মোড়ে জেলা পরিষদ ডাক বাংলো প্রাঙ্গণে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবের গাড়ি ভাঙচুর করা হয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে এমপি বাবু ও সাধারণ সম্পাদক নবাবের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল চলছিল। সন্ধ্যায় ডাকবাংলোর দ্বিতীয় তলায় অবস্থান নেন এমপি বাবু ও নবাব। এসময় নিচে থাকা কর্মী–সমর্থকদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং এমপি বাবু ও নবাবের গাড়িসহ বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। পুলিশ পরে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার পর রাত আটটার দিকে এমপি বাবুকে উদ্ধার করে গ্রামের বাড়িতে পাঠানো হয়। এই ঘটনায় ইসলামপুরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে এমপি সুলতান মাহমুদ বাবু সাংবাদিকদের বলেন, ‘নতুন ইউএনওর সঙ্গে কথা বলার সময় একদল দুষ্কৃতকারী গাড়িটি ভাঙচুর করেছে। দ্রুত এদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ‘এমপি স্যারের গাড়ি, নবাব সাহেবের গাড়িসহ তিনটি গাড়ি এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত আছে।’