জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক পথসভায় তিনি বলেন, ‘যদি সরকার বা প্রশাসনের কেউ স্থানীয় নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করে, তাহলে তাদের পরিণতি হবে ভয়াবহ।’
সারজিস আলম বলেন, ‘বিগত তিনবার যারা ভোট চুরি করেছে, তাদের যে অবস্থা হয়েছিল, এবার তাদের চেয়েও বেশি খারাপ অবস্থা হবে।’ তিনি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা দেওয়ার জন্য বিএনপি সরকারকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘সরকার ঘোষণা করেছে অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এবং এক বছরের মধ্যে শেষ হবে।’ এ প্রসঙ্গে তিনি বিএনপির উদ্যোগকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
সীমান্ত ইস্যুতে সারজিস বলেন, ‘আমরা স্পষ্ট করে বলছি, সীমান্ত দিয়ে আমরা একজনকেও পুশইন দেখতে চাই না। সীমান্তে কোনো হত্যাও আমরা দেখতে চাই না।’
অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতা সরোয়ার তুষার, এস এম সাইফ মোস্তাফিজ এবং মাহিন সরকারসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।