চট্টগ্রাম-২ আসনের বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন। শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালসহ মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরকে সংসদ সদস্য ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি) গেজেট প্রকাশ করে। ইসির প্রশাসন শাখার সিনিয়র সহকারী সচিব এ এস এম ইকবাল হাসানের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭৯ চট্টগ্রাম-২ আসনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীর নাম-ঠিকানা সংবলিত প্রজ্ঞাপন আজ বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশ করা হয়েছে।
এদিকে, হাইকোর্ট সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছে। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেন।
রায়ের পর সারোয়ার আলমগীরের আইনজীবী আহসানুল করিম জানান, আদালত রুল অ্যাবসলিউট ঘোষণা করেছেন। ফলে ইসির মনোনয়নপত্র বাতিলের আদেশ অবৈধ এবং তাঁর প্রার্থিতা বৈধ ছিল।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়, কিন্তু সারোয়ার আলমগীরের ফলাফল প্রকাশ সর্বোচ্চ আদালতের আদেশে স্থগিত ছিল।