প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রোর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (০৮ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক কুশল বিনিময় করেন এবং বাংলাদেশ ও ইতালির দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতা ও সামরিক প্রশিক্ষণের আধুনিকায়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
ড. শামছুল ইসলাম বলেন, বাংলাদেশ ইতালির সাথে সামরিক ও কূটনৈতিক সম্পর্ককে অত্যন্ত গুরুত্বের সাথে মূল্যায়ন করে। রাষ্ট্রদূত আলেসান্দ্রো বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্বের প্রশংসা করেন এবং ভবিষ্যতে দু'দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরও নিবিড় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়া, সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে ইতালির সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের অংশগ্রহণ এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে উভয় দেশের উল্লেখযোগ্য অবদান এবং আগামীতে বিশ্বশান্তি ও বৈশ্বিক নিরাপত্তা রক্ষায় যৌথভাবে কাজ করার বিষয়ে মতবিনিময় করা হয়।