তুরস্কে চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার দ্বারা বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এটি গত এক সপ্তাহের মধ্যে তৃতীয় হামলা।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো টেলিগ্রামে জানান, বুধবারের হামলায় শহরের দুটি জেলায় আগুন লেগেছে। হামলায় একজন নিহত এবং অন্তত দুইজন আহত হয়েছেন।
এছাড়া, মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ জন আহত হন। সোমবার কিয়েভে বড় ধরনের হামলায় ২৮ জন নিহত এবং বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়।
এদিকে, তুরস্কের রাজধানী আঙ্কারায় দুই দিনের ন্যাটো শীর্ষ সম্মেলনে ইউক্রেন যুদ্ধ, ইউরোপের নিরাপত্তা এবং প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার ন্যাটোর কাছে আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা সহায়তা চেয়েছেন।
আজ ন্যাটো সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।