জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, হেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে উৎসে কর প্রযোজ্য নয়। কেবল দানকর পরিশোধ করতে হবে।
নতুন আয়কর আইন ও উৎসে কর বিধিমালার ব্যাখ্যা নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে এনবিআর এই নির্দেশনা জারি করেছে। আয়কর আইন, ২০২৩-এর ১২৫ ধারা অনুযায়ী সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে উৎসে কর সংগ্রহের বিধান থাকলেও এটি মূলত কেনাবেচার ক্ষেত্রে প্রযোজ্য।
বর্তমান অর্থবছর থেকে হেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের জন্য পৃথক বিধান সংযোজন করা হয়েছে। নতুন বিধান কার্যকর হওয়ার পর বিভিন্ন সাব-রেজিস্ট্রি অফিস হেবা ও দান দলিল নিবন্ধনের সময় উৎসে কর কেটে রাখার জন্য বিভ্রান্তি সৃষ্টি হয়।
এনবিআর স্পষ্ট করেছে যে, হেবা দলিল নিবন্ধনের ক্ষেত্রে উৎসে কর প্রযোজ্য নয়। তবে আইন অনুযায়ী প্রযোজ্য হারে দানকর পরিশোধ করতে হবে।
এছাড়া, পিতামাতা ও সন্তান, স্বামী-স্ত্রী এবং একই মায়ের গর্ভজাত ভাই-বোনের মধ্যে আগের মতোই করমুক্তভাবে হেবা সম্পাদন করা যাবে বলেও জানানো হয়েছে।