ভারতের জনপ্রিয় অভিনেতা রাজেশ শর্মা বিষাক্ত মাকড়সার কামড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত মঙ্গলবার তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসকরা জানান, রাজেশ শর্মার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও তিনি এখনো পুরোপুরি বিপদমুক্ত নন। হাসপাতাল সূত্রে জানা যায়, অভিনেতার বেশ কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা এখনও বাকি রয়েছে, যার কারণে কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য দিতে পারছে না।
অভিনেতার অসুস্থতার খবর পেয়ে নির্মাতা অগ্নিদেব চট্টোপাধ্যায় ও তার স্ত্রী সুদীপা চট্টোপাধ্যায় হাসপাতালে নিয়মিত যাচ্ছেন। সুদীপা জানান, রাজেশের রক্তের শর্করার মাত্রা (সুগার) প্রচণ্ড ওঠানামা করছে এবং শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে।
এই ঘটনা ঘটে হায়দরাবাদের রামুজি ফিল্ম সিটিতে, যেখানে দক্ষিণী তারকা প্রভাসের একটি সিনেমার শুটিং চলছিল। বিরতিতে চা খেতে গিয়ে রাজেশকে বিষাক্ত পোকামাকড় সম্পর্কে সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি বিষয়টি গুরুত্ব দেননি। এর ফলে একটি বিষাক্ত মাকড়সা তাকে কামড়ায় এবং ইনফেকশন ছড়িয়ে পড়ে।
বর্তমানে রাজেশ শর্মার পাশে রয়েছেন তার বৃদ্ধা মা। চিকিৎসকদের পাশাপাশি তার পরিবারও তার শারীরিক অবস্থাকে নিয়ে চিন্তিত।