বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

মরক্কোর কোয়ার্টার ফাইনালে বড় ধাক্কা, সাইবারি খেলবেন না

মরক্কোর তারকা ইসমাইল সাইবারি ফ্রান্সের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না।

মরক্কোর কোয়ার্টার ফাইনালে বড় ধাক্কা, সাইবারি খেলবেন না

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে মরক্কোর জন্য বড় ধাক্কা এসেছে। দলের অন্যতম সেরা তারকা ইসমাইল সাইবারি হ্যামস্ট্রিং চোটের কারণে ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিতে পারবেন না।

বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় ফ্রান্সের মুখোমুখি হবে মরক্কো। দলের কোচ মোহাম্মদ উয়াহাবি বুধবার (৮ জুলাই) সংবাদ সম্মেলনে জানান, কানাডার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে পাওয়া চোট থেকে সাইবারি পুরোপুরি সেরে উঠতে পারেননি।

উয়াহাবি বলেন, "সাইবারি ছাড়া দলের সবাই শতভাগ ফিট। এই ম্যাচটি তার জন্য খুব তাড়াতাড়ি চলে এসেছে। তবে আশা করি, টুর্নামেন্টের বাকি অংশ থেকে তাকে ছিটকে পড়তে হবে না।"

সাইবারি সম্প্রতি ৫ কোটি ইউরো ট্রান্সফার ফিতে পিএসভি আইন্দহোভেন ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন। এবারের বিশ্বকাপে তিনি মরক্কোর অন্যতম সেরা পারফর্মার হিসেবে বিবেচিত। গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই গোল করেছেন তিনি এবং নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়সূচক স্পট-কিকও নেন।

কানাডার বিপক্ষে ৩-০ গোলের জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে। মরক্কো সেমিফাইনালে উঠতে পারলে সেখানে তার ফেরার সম্ভাবনা রয়েছে।

সাইবারির অনুপস্থিতিতে কানাডার বিপক্ষে বদলি হিসেবে নেমে গোল করা স্ট্রাইকার সুফিয়ান রাহিমির একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি।

মরক্কো ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে ২-০ গোলে হেরেছিল। এবার তারা সেই হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি প্রথম আফ্রিকান দল হিসেবে আবারও সেমিফাইনালে ওঠার লক্ষ্য নিয়েছে।

কোচ উয়াহাবি বলেন, "অনেকে বলছেন, এখান পর্যন্ত আসাই যথেষ্ট। কিন্তু আমি তা মনে করি না। আমাদের লক্ষ্য আগামীকাল জিতে সেমিফাইনালে ওঠা।"

অন্যদিকে, রিয়াল মাদ্রিদ তারকা ব্রাহিম দিয়াজ ফ্রান্সের বিপক্ষে আত্মবিশ্বাসী। তিনি বলেন, "ফ্রান্স অবশ্যই অন্যতম ফেভারিট। কিন্তু আমরা প্রমাণ করেছি, সেরাদের সঙ্গেও সমানতালে লড়াই করতে পারি। এই দলের ওপর আমার পূর্ণ আস্থা আছে।"

বিজ্ঞাপন