যুক্তরাষ্ট্রে ভয়াবহ তাপপ্রবাহের কারণে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান জানায়, দেশটির ১৪ কোটিরও বেশি মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে।
পূর্বাঞ্চলে একটি বিশাল তাপ বলয় তথা হিট ডোম অবস্থান করায় ২০টিরও বেশি রাজ্যে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার এ তাপপ্রবাহের কারণে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তাদের মতে, নিউজার্সির ১০টি কাউন্টিতে ২২ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের মধ্য ও উত্তরাঞ্চলের বাসিন্দাদের মধ্যে প্রাণহানির ঘটনা বেশি ঘটেছে।
অফিসাররা জানান, বাসায় এসি না থাকায় অনেকেই গরমে অসুস্থ হয়ে পড়েছেন এবং রাস্তায় ও গাড়িতে মৃত অবস্থায় পাওয়া গেছে।
শনিবার দেশটির ২৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে অংশ নিতে আসা কয়েক লাখ মানুষ তীব্র গরমের কবলে পড়েন।