২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে বেলজিয়াম। মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে বেলজিয়াম শুরুতেই লিড নেয়।
৯ মিনিটে, যুক্তরাষ্ট্রের বক্সের মাঝ থেকে নিকোলাস রাস্কিনের উঁচু বলের নিয়ন্ত্রণ নিয়ে চার্লস ডি কেটেলার সহজেই গোল করেন। এরপর ৩১ মিনিটে যুক্তরাষ্ট্রের মালিক টিলম্যান দুর্দান্ত একটি ফ্রি কিক গোল করে সমতা ফেরান। তার ফ্রি কিকটি বেলজিয়ামের ওয়ালে রিফ্লেক্ট হয়ে গোলকিপার কোর্তোয়াকে পরাস্ত করে।
তবে যুক্তরাষ্ট্রের সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৩৩ মিনিটে কেটেলার আবারও গোল করে বেলজিয়ামকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। প্রথমার্ধ শেষে এই ব্যবধান ধরে রাখে বেলজিয়াম।
দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্র আক্রমণের তীব্রতা বাড়ায়, কিন্তু ৫৭ মিনিটে গোলকিপার ম্যাট ফ্রিসের ভুলের সুযোগ নিয়ে ফাঁকা জালে গোল করেন ভানাকেন। গোলের ব্যবধান তখন ৩-১।
ম্যাচের শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের ডিফেন্ডার রিচার্ডসের কাছ থেকে বল কেড়ে নিয়ে রোমেলু লুকাকু চূড়ান্ত গোলটি করেন। ফলে বেলজিয়াম ৪-১ ব্যবধানে জয়লাভ করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
এখন বেলজিয়ামের প্রতিপক্ষ এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেন।