বুধবার, ২৪ জুন, ২০২৬
ব্রেকিং
খেলাধুলা

ফিফার নতুন টাইব্রেকার নিয়ম বিশ্বকাপে আসছে

ফিফা বিশ্বকাপে টাইব্রেকারের নিয়ম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। নতুন নিয়মে একটি টসের ব্যবস্থা রাখার পরিকল্পনা রয়েছে।

ফিফার নতুন টাইব্রেকার নিয়ম বিশ্বকাপে আসছে

চলমান বিশ্বকাপে প্রতিটি দল ইতোমধ্যে দুটি করে ম্যাচ খেলেছে। গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচ শুরু হবে আজ রাতে, এরপর ২৮ জুন থেকে নকআউট পর্ব শুরু হবে। নকআউট পর্ব শুরুর আগেই টাইব্রেকারের নিয়মে পরিবর্তন আনতে যাচ্ছে ফিফা।

ফিফা, ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) সঙ্গে আলোচনা করছে নতুন নিয়ম চালুর জন্য। আইএফএবির অনুমোদন পেলে, এবারের বিশ্বকাপে নতুন টাইব্রেকার নিয়ম কার্যকর হবে।

বর্তমানে আইএফএবির নিয়ম অনুযায়ী, নকআউট পর্বে ম্যাচের ফল না এলে টাইব্রেকার শুরুর আগে রেফারিকে দুটি কয়েন টস করতে হয়। প্রথম টসে নির্ধারিত হয় কোন দল আগে শট নেবে এবং দ্বিতীয় টসে নির্ধারিত হয়, কোন প্রান্তের গোলপোস্টে পেনাল্টি নেওয়া হবে।

নতুন নিয়মে ফিফা একটি টসের ব্যবস্থা রাখতে চায়। টসে জয়ী দল যেকোনো একটি সিদ্ধান্ত নিতে পারবে, যেমন তারা আগে শট নিতে চায় নাকি পরে, অথবা কোন প্রান্তে শট নিতে চায়। এরপর অপর দল বিকল্পটি বেছে নিতে পারবে।

ফিফার এই পরিবর্তনের পেছনে কারণ হলো চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ ফাইনাল, যেখানে পিএসজি দুটি টস জিতে তাদের পছন্দমতো সিদ্ধান্ত নিতে পেরেছিল। এই ধরনের পরিস্থিতি এড়াতে ফিফা দুই টস থেকে এক টসে যাওয়ার পরিকল্পনা করছে।

তবে নতুন নিয়মটি অনুমোদিত হলে, তা সব ধরনের ফুটবল প্রতিযোগিতায় বাধ্যতামূলক হবে কিনা, নাকি টুর্নামেন্ট সংশ্লিষ্ট আয়োজকদের ওপর ছেড়ে দেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়।

বিজ্ঞাপন