বিশ্বকাপে ব্রাজিলের শুরুটা মোটেও ভালো হয়নি। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করা সেলেসাওরা আগামীকাল সকাল সাড়ে ৬টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে মাঠে নামবে।
গুরুত্বপূর্ণ এ ম্যাচে ব্রাজিল যে ঘুরে দাঁড়াতে মরিয়া, সেটা বোধহয় না বললেও চলে। ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি শুরুর একাদশে পরিবর্তন আনতে যাচ্ছেন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো ইস্পোর্ত এক প্রতিবেদনে জানিয়েছে, মরক্কো ম্যাচের একাদশ থেকে দুই বা তিনটি পরিবর্তন হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, ব্রাজিলের শুরুর একাদশে মাতেউস কুনিয়া ও দানিলোর অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে। ইবানেজের জায়গায় দানিলো এবং ইগর থিয়াগোর জায়গা খেলতে পারেন কুনিয়া।
মধ্যমাঠ নিয়েও কিছুটা অনিশ্চয়তা দেখা দিয়েছে। লুকাস পাকেতা ও দানিলো সান্তোসের মধ্যে মিডফিল্ডে শুরুর একাদশে কে খেলবেন, সেটি এখনো চূড়ান্ত হয়নি। আনচেলত্তি জানিয়েছেন, “আমি নিশ্চিত বলতে পারছি না, পাকেতা শুরুর একাদশে থাকবে কি না।”
তিনি আরও বলেন, “পাকেতা মানসম্পন্ন খেলোয়াড়, তবে মরক্কোর বিপক্ষে প্রথমার্ধে তার পারফরম্যান্স সন্তোষজনক ছিল না।”
নিউজার্সিতে অনুশীলনে ৪-২-৪ ফর্মেশনে কাজ করলেও আগামীকালের ম্যাচে ব্রাজিলকে ৪-৩-৩ ফর্মেশনে খেলতে দেখা যেতে পারে, যা মিডফিল্ডকে শক্তিশালী করবে।
হাইতি ম্যাচের সম্ভাব্য একাদশ: আলিসন, দানিলো, মারকিনিওস, গাব্রিয়েল মাগালহায়েস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা অথবা দানিলো সান্তোস, রাফিনিয়া, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।