সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

আখাউড়ায় 'ব্রাজিল বাড়ি' দর্শনার্থীদের আকৃষ্ট করছে

আখাউড়ায় ব্রাজিলের সমর্থনে এক ভক্তের সাজানো বাড়ি দর্শনার্থীদের আকৃষ্ট করছে।

আখাউড়ায় 'ব্রাজিল বাড়ি' দর্শনার্থীদের আকৃষ্ট করছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা চান্দপুর গ্রামে একটি বাড়ি এখন ফুটবলপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। রুবেল মিয়া (৩৫) নামক এক ব্রাজিল সমর্থক তার বাড়িকে পুরোপুরি ব্রাজিলের হলুদ-সবুজ রঙে সাজিয়েছেন।

বাড়ির দেয়াল, গেট এবং সীমানাপ্রাচীর সব জায়গাতেই ব্রাজিলের পতাকার রঙের ছোঁয়া দেখা যায়। দেয়ালে আকাঁ গ্রাফিতিতে সেলেসাও কিংবদন্তি রোলানদো, কাকা, রবার্তো কার্লোস ও নেইমারের ছবি স্থান পেয়েছে। বাড়ির সামনে বড় অক্ষরে লেখা 'ব্রাজিল'।

রুবেল মিয়া, মৃত হাবিবুর রহমানের ছেলে, দীর্ঘ আট বছর প্রবাস জীবন কাটিয়ে বর্তমানে ব্যবসায়ী হিসেবে কাজ করছেন। তিনি জানান, ফুটবল খেলা বুঝতে শেখার পর থেকেই ব্রাজিল দলের প্রতি তার ভালোবাসা।

এমন ব্যতিক্রমী বাড়ি দেখতে প্রতিদিন দূরদূরান্ত থেকে মানুষ ভিড় করছেন। শুধু ব্রাজিল সমর্থকেরাই নয়, অন্য দেশের ফুটবলপ্রেমীরাও বাড়িটির সৌন্দর্য ও নান্দনিকতার প্রশংসা করছেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, ফুটবলপ্রেম ও সৃজনশীলতার মিশেলে তৈরি এই উদ্যোগ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রুবেল মিয়া জানান, বাড়িটি রঙ করতে ১৮ দিন সময় লেগেছে এবং এ পর্যন্ত প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা খরচ হয়েছে।

তিনি বলেন, “বাড়ির ভবন ও সীমানা দেয়াল ব্রাজিলের পতাকার আদলে রং করিয়েছি। নিজের দেশের লাল-সবুজের পতাকাও এঁকেছি।” কাজ এখনও সম্পূর্ণ হয়নি, বাকি কাজ শেষ করতে আরও পাঁচ থেকে ছয় দিন লাগবে।

দর্শনার্থীরা বাড়িটি দেখতে এসে সেলফি তুলছেন এবং ভিডিও করছেন। স্থানীয়রা আশা করছেন, এবারের বিশ্বকাপে ব্রাজিলই চ্যাম্পিয়ন হবে।

বিজ্ঞাপন