মুন্সিগঞ্জে এবারের বিশ্বকাপে ব্রাজিল দলের সাফল্য কামনা করে শতাধিক সমর্থক হেভি শোডাউন ও মিছিল করেছে। শুক্রবার (১২ জুন) বিকেলে শহরের পশ্চিম দেওভোগ-বিলের কানি এলাকা থেকে শোভাযাত্রাটি শুরু হয়।
মিছিলটি শহরের কাচারি, সুপার মার্কেট, শহীদ চত্বর ও পুরাতন বাসস্ট্যান্ড মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় মোটরসাইকেল ও পায়ে হেঁটে অংশ নেয় বিভিন্ন বয়সী কয়েক শতাধিক ব্রাজিল সমর্থক।
এ সময় সমর্থকরা সবুজ-হলুদ রঙের পতাকা উড়িয়ে এবং নানা স্লোগানে পুরো শহরকে মুখরিত করে তোলে। সমর্থকদের উচ্ছ্বাস ও উদ্দীপনায় এলাকায় সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।
সমর্থকরা জানান, এবারের বিশ্বকাপে ব্রাজিল তাদের কাঙ্ক্ষিত 'হেক্সা মিশন' সফল করে ষষ্ঠবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হবে বলে তারা আশাবাদী।
তবে শোভাযাত্রায় ব্রাজিলের জার্সির পাশাপাশি আর্জেন্টিনা ও অন্যান্য দলের জার্সি পরিহিত সমর্থকদেরও দেখা যায়। পাল্টাপাল্টি স্লোগান, ফুটবল নিয়ে বন্ধুত্বপূর্ণ যুক্তিতর্ক এবং সমর্থকদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে আরও আকর্ষণীয় ও আনন্দঘন।