বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবাদমাধ্যমের একটি বড় অংশ বর্তমানে ব্যবসাকেন্দ্রিক হয়ে উঠেছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগের বিষয়।
তিনি আজ রোববার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, "গণমাধ্যমকে ব্যবসাভিত্তিক নয়, স্বাধীন ও মুক্তভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে হবে।"
সভায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় কাজ করেছেন। তিনি উল্লেখ করেন, "সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে গণমাধ্যম অন্ধকার সময়ে প্রবেশ করেছিল, সেখান থেকে মুক্তির উদ্যোগ নেন শহীদ রাষ্ট্রপতি।"
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে বলেন, তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণাকে প্রতিষ্ঠিত করেছেন। এছাড়া, খাল খনন, কৃষির সম্প্রসারণ এবং উৎপাদনমুখী বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।