মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইরানের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনার অগ্রগতির কারণে নির্ধারিত হামলা এবং বোমাবর্ষণ স্থগিত করার ঘোষণা দিয়েছেন। ট্রাম্প ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক পোস্টে জানান, ইরানের নেতৃত্ব পর্যায়ের আলোচনার অনুমোদন পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, সৌদি আরব এবং উপসাগরীয় দেশগুলো আলোচনার মূল বিষয়গুলোতে সম্মত হয়েছে। তবে তিনি সতর্ক করে বলেছেন যে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে।
এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন যে চুক্তি নিয়ে এখনও কিছুই চূড়ান্ত হয়নি। তিনি জানান, খসড়ার বেশিরভাগ অংশ চূড়ান্ত হলেও যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবির কারণে সমঝোতা হয়নি।
বাঘাই আরও বলেন, যুক্তরাষ্ট্রের কারণে হরমুজ প্রণালির অচলাবস্থার জন্য তারা দায়ী। এর আগে, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের ওপর আরও কঠোর হামলা চালানোর ঘোষণা দিয়েছিলেন এবং খার্গ দ্বীপ নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনাও প্রকাশ করেন।