২০২৬ ফিফা বিশ্বকাপ শুরুর আগেই ইরান ফুটবল দলের জন্য ভিসা ও যাতায়াত জটিলতা সমাধান হয়েছে। ইরান দল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলোর আগের দিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে।
ম্যাচের দিন দলটিকে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও ম্যাচ শেষে দ্রুত বের হয়ে যাওয়ার গুঞ্জনকে বুধবার (১০ জুন) অস্বীকার করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করেছে।
ইরান দলের বেস ক্যাম্প মেক্সিকোর টিজুয়ানায় অবস্থিত। তারা প্রতিটি ম্যাচের ঠিক আগের দিন ভেন্যুর উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবে। এই বিশেষ যাতায়াত ব্যবস্থা খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেওয়া হয়েছে।
এবারের বিশ্বকাপে ‘জি’ গ্রুপে খেলছে ইরান। আগামী ১৫ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু হবে। এই গ্রুপের বাকি দুটি ম্যাচে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম ও মিশর।