জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩ হাজার ৮৯০ কোটি টাকা ব্যয়ে ১০টি মেগা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়।
সভায় নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ১২টি প্রকল্প উপস্থাপন করা হয়েছিল, যার মধ্যে যাচাইবাছাই শেষে ১০টি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর সিংহভাগ অর্থায়ন সরকারি তহবিল থেকে জোগানো হবে।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (১ম পর্যায়), ‘সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ’, ময়মনসিংহ সিটি করপোরেশনের নগর ভবন নির্মাণ, আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়ক উন্নীতকরণ, ৩৩টি জেলায় সার্কিট হাউজ উন্নয়ন এবং ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে লিফট সংযোজন প্রকল্প।
এছাড়া বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২, ঢাকা সিএমএইচ-এ ক্যানসার সেন্টার নির্মাণ (২য় পর্যায়), মাদ্রাসা এডুকেশন ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট প্রকল্প, দেশের ৬৫৩টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন প্রকল্পও অন্তর্ভুক্ত রয়েছে।
প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নে সর্বোচ্চ জোর দেওয়া হবে বলে সভায় জানানো হয়।