শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বিশ্বকাপে ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়ার কঠোর শর্ত

ইরান জাতীয় ফুটবল দলকে যুক্তরাষ্ট্রে কঠোর ভ্রমণ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিশ্বকাপে ইরান দলকে যুক্তরাষ্ট্র ছাড়ার কঠোর শর্ত

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ইরান জাতীয় ফুটবল দলকে যুক্তরাষ্ট্রে প্রবেশ ও দেশ ত্যাগের জন্য কঠোর ভ্রমণ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

ইরানের কর্মকর্তাদের দাবি, দলটি একই দিনে যুক্তরাষ্ট্রে প্রবেশ এবং দেশ ত্যাগ করতে বাধ্য হবে। সোমবার (৮ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম মিররের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মেক্সিকোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আবুল ফজল পাসানদিদেহ সাংবাদিকদের বলেন, পূর্বে ভিসার নিয়ম অনুযায়ী, প্রথম ম্যাচের এক দিন আগে এবং অন্যান্য ম্যাচগুলোর দুই দিন আগে যুক্তরাষ্ট্রে প্রবেশের কথা ছিল। তবে, বর্তমানে ভিসা কেবল এক দিনের জন্য দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক উত্তেজনা ও ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের জটিলতার কারণে এই সিদ্ধান্ত নতুন আলোচনা সৃষ্টি করেছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে।

সূচি অনুযায়ী, ইরান প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলসে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে, পরে ক্যালিফোর্নিয়ায় বেলজিয়ামের বিপক্ষে খেলবে এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটলে তাদের প্রতিপক্ষ মিশর।

নিরাপত্তা ও কূটনৈতিক জটিলতার কারণে ইরান বর্তমানে মেক্সিকোকে তাদের বেস ক্যাম্প হিসেবে বেছে নিয়েছে, যদিও তারা প্রথমে টুকসনে অবস্থান করার পরিকল্পনা করেছিল।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম বলেন, ইরানকে মেক্সিকোতে অবস্থানের সুযোগ না দেওয়ার কোনো কারণ নেই।

ইরান বিশ্বকাপ ম্যাচগুলো মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুরোধ করলেও ফিফা সেই প্রস্তাব গ্রহণ করেনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের খেলোয়াড় ও কিছু কর্মকর্তার জন্য ভিসা অনুমোদন করেছে, তবে দলের কয়েকজন সহায়ক কর্মকর্তা এখনও ভিসা পাননি। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা বলেন, বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভিসা ইস্যু করা হয়েছে এবং ভুয়া পরিচয়ে প্রবেশের বিষয়টি নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন