শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

জেলেনস্কির শান্তির চিঠি: ইউক্রেনীয়দের মধ্যে আশা ও সংশয়

জেলেনস্কির চিঠি নিয়ে ইউক্রেনীয়দের মধ্যে আশা ও সংশয়ের সৃষ্টি হয়েছে।

জেলেনস্কির শান্তির চিঠি: ইউক্রেনীয়দের মধ্যে আশা ও সংশয়

রুশ প্রেসিডেন্টকে লেখা ভলোদিমির জেলেনস্কির চিঠির কার্যকারিতা নিয়ে ইউক্রেনীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এই চিঠিকে অর্থহীন মনে করছেন, আবার কেউ ইতিবাচক ফলের আশা করছেন।

বৃহস্পতিবার সরাসরি বৈঠকের প্রস্তাব জানিয়ে রুশ প্রেসিডেন্টকে খোলা চিঠি দেন জেলেনস্কি। চিঠিতে তিনি সংঘাত বন্ধে সরাসরি আলোচনার ওপর জোর দেন। তবে, রুশ প্রেসিডেন্ট এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন এবং সরাসরি বৈঠকে বসার কোনো অর্থ নেই বলে মন্তব্য করেছেন।

ইউক্রেনের এক নাগরিক জানান, ‘রাশিয়া স্পষ্ট করে দিয়েছে, তারা পুরো ইউক্রেন চায়। আমাদের প্রেসিডেন্ট একশটা চিঠি লিখলেও কোনও লাভ হবে না।’

তবে, কিছু ইউক্রেনীয় ইতিবাচক ফলের আশা প্রকাশ করেছেন। এক নারী বলেন, ‘আমাদের শান্তি প্রয়োজন। চিঠিতে বলা আছে, উভয় পক্ষকেই হামলা বন্ধ করতে হবে। আশা করি, ইতিবাচক ফল আসবে এবং যুদ্ধটা অবশেষে বন্ধ হবে।’

রুশ প্রেসিডেন্টের কঠোর অবস্থানের পরও, ইউক্রেনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা জেলেনস্কিকে কূটনৈতিকভাবে জয়ী হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘জেলেনস্কি অনুভব করেছিলেন যে, পুতিনের দুর্বলতা প্রকাশ করার পাশাপাশি ইউক্রেন ইস্যুতে রাশিয়ার মনোভাব তুলে ধরার এটাই সঠিক মুহূর্ত।’

কুলেবার মতে, যুদ্ধ চালিয়ে যাওয়ার চেয়ে রুশ নেতা তার বিশেষ সামরিক অভিযানের লক্ষ্য অর্জনকে বেশি গুরুত্ব দিচ্ছেন। লক্ষ্য পূরণের আগে সংঘাত থেমে গেলে তা রাশিয়ার জন্য বড় হার হবে বলে তিনি মনে করেন।

বিজ্ঞাপন