ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে অবহেলার কারণে এক মুমূর্ষু রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স চালক বকুল মিয়াকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাকে আটক করা হয়।
রোগীর পরিবারের সদস্যরা জানান, বুধবার সকালে শৈলকুপার বারইপাড়া গ্রামের মৃত রওশন শেখের ছেলে আবু জাফর কুসুম (৬৫) গুরুতর অসুস্থ হয়ে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসক তার শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ড করেন।
স্বজনরা হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্সটি চাইলে চালক বকুল মিয়া গাড়িতে জ্বালানি তেল না থাকার অজুহাতে যেতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে রোগীর পরিবারের সদস্যরা নিজেদের টাকা দিয়ে প্রয়োজনীয় তেলের ব্যবস্থা করলেও চালক সাফ জানিয়ে দেন— তিনি কোনোভাবেই ভাড়ায় যাবেন না।
চালকের একগুঁয়েমি এবং হাসপাতাল চত্বরে দীর্ঘকাল অপেক্ষার কারণে আবু জাফর কুসুম চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় হাসপাতাল এলাকায় চরম উত্তেজনা তৈরি হলে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে শৈলকুপা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
শৈলকূপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, রোগী মৃত্যুর বিষয়টি দায়িত্ব অবহেলার মধ্যে পড়ে। চালককে একাধিকবার সতর্ক করা হলেও তিনি নির্দেশনা মানেননি। তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
শৈলকূপা থানার ওসি (তদন্ত) শাকিল আহমেদ জানান, আরএমও অভিযোগ দিয়েছেন এবং চালক বকুল মিয়াকে থানায় আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।