বুধবার, ০৩ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

তোফায়েল আহমেদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন, জানাজায় মানুষের ঢল।

তোফায়েল আহমেদের জানাজায় মানুষের ঢল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

উনসত্তরের গণ-অভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের দাফন আজ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। তিনি ভোলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেলে তৃতীয় জানাজার পর তাঁকে তাঁর মা মরহুমা ফাতেমা আজাহার ও স্ত্রী আনোয়ারা আহমেদের পাশে দাফন করা হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় ভোলা সরকারি স্কুল মাঠে।

জানাজায় পরিবারের সদস্যদের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

আজ দুপুরে হেলিকপ্টারে তাঁর মরদেহ ভোলায় পৌঁছালে শেষ বারের মতো দেখতে ভোলা শহরের সাধারণ মানুষ জমায়েত হন। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তোফায়েল আহমেদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

গতকাল সোমবার বেলা সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮২ বছর বয়সে মারা যান বর্ষীয়ান এই নেতা। সন্ধ্যায় ঢাকার ধানমন্ডির তাকওয়া জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

তোফায়েল আহমেদ তাঁর রাজনৈতিক ক্যারিয়ারে ভোলা থেকে সাত বার সাংসদ নির্বাচিত হয়েছেন এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন