স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, খুব শিগগিরই দেশকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান শুরু করা হবে। তিনি মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে কক্সবাজারে এক অনুষ্ঠানে এ কথা জানান।
মন্ত্রী বলেন, জনগণকে সামাজিক সচেতনতা বাড়াতে হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবে। তিনি বিএনপির প্রতিশ্রুতির প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ভোটের কালি মোছাবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।
সরকারের প্রথম দিককার পদক্ষেপগুলোর মধ্যে কৃষকদের জন্য কৃষি ঋণ সুদসহ মওকুফ করার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, এ খাতে রাজস্ব ঘাটতি সমন্বয়ের জন্য ব্যাংকিং খাতের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, নির্বাচনি ইশতেহার অনুযায়ী পরিবারভিত্তিক ফ্যামিলি কার্ড চালু করা হয়েছে, যেখানে নারীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এর মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও পরিবারের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সমাজের ধর্মীয় নেতৃবৃন্দের জন্য সম্মানী ভাতা চালু করা হয়েছে। তিনি জানান, সরকার তাদের ভূমিকার যথাযথ মূল্যায়ন করছে।
অনলাইনে জুয়ার প্রসঙ্গে তিনি বলেন, এটি এখন একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে এবং এ সমস্যা মোকাবেলায় সরকার গবেষণা চালাচ্ছে। মানব পাচার প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।