শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মামলায় আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন। বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এ চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করবেন।
যুক্তিতর্কটি সরাসরি সম্প্রচার করা হবে এবং মামলার আসামি জিয়াউল আহসান কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন। মঙ্গলবার প্রথম দিনের যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, আওয়ামী লীগ শাসনামলে গুম খুনের মাধ্যমে বিরোধীমত দমনে শেখ হাসিনার প্রধান হাতিয়ার ছিলেন জিয়াউল আহসান।
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল যুক্তিতর্কে বলেন, মানবতাবিরোধী অপরাধের পাশাপাশি সরকারের প্রশ্রয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন জিয়াউল আহসান।
এর আগে, ১৪ জানুয়ারি এ মামলার অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেন ট্রাইব্যুনাল। পরে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ, যাতে ১৫ জন সাক্ষ্য দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগের শাসনামলে বিগত ১৫ বছর বিরোধীদলের নেতাকর্মীসহ ভিন্নমতের মানুষদের গুমের পর গাজীপুর, বরগুনা ও সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অপারেশনের নাটক সাজিয়ে শতাধিক ব্যক্তিকে হত্যা করেন জিয়াউল আহসান।