সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের জন্য ছিল হতাশাজনক। বৃষ্টিভেজা আবহাওয়ার কারণে মোট দুই সেশনের মতো খেলা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রথম ইনিংসে মাত্র ৯১ রানে অলআউট হয়। অপরদিকে, দক্ষিণ আফ্রিকা ১ উইকেটে ৮৮ রান তুলে দিনের বাকি অংশ কাটিয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের সহকারী কোচ মালিবোংওয়ে মাকেতা জানান, তাড়াহুড়ো করেই ভুল সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। তিনি বলেন, “দক্ষিণ আফ্রিকা আমাদের অনেক চাপ দিচ্ছে, এর ফলেই ভুলগুলো হচ্ছে। আমরা প্লেয়ারদের সাথে মানসিক দিক নিয়ে কাজ করছি। ব্যাট হাতে আমরা অনেক তাড়াহুড়া করতে গিয়েছি, সেখানেই ভুলগুলো হয়ে গেছে।”
মাকেতা দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করে আরও বলেন, “স্কোরকার্ড দেখলেই বোঝা যাচ্ছে, ভুল সিদ্ধান্ত নিয়েছি অনেক। কিছু সফট ডিসমিসাল ছিল। এত দ্রুত অলআউট হওয়ার কথা ছিল না।” তিনি জানান, প্রথম টেস্টে দলের প্রস্তুতি ভালো ছিল এবং সবাই নিবেদিত ছিল।
বাংলাদেশের সহকারী কোচ আরও বলেন, “এমন উইকেটে আমাদেরকে আরও ভালো সিদ্ধান্ত নিতে হবে। সেঞ্চুরিয়নে ব্যাটিংয়ের মানসিক প্রস্তুতি ছিল না। এখানে টস হওয়ার পর ব্যাটিংয়ে নামতে হয়েছে, মানসিকভাবে প্রস্তুত ছিলাম না।”
মাকেতার মতে, এসব কারণে বাংলাদেশকে খেসারত দিতে হয়েছে এবং এটি সত্যিই হতাশাজনক।