কোপা সুদামেরিকানার ফাইনালে আতলেতিকো মিনেইরোর বিপক্ষে বোকা জুনিয়র্স ২-০ গোলে জয়লাভ করেছে। এই জয়ের ফলে লাতিন অঞ্চলের ক্লাব ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বোকা জুনিয়র্স।
ম্যাচের পর সাক্ষাৎকার দিতে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন বোকা জুনিয়র্সের মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস। এ ঘটনায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। ‘ডি-স্পোর্টস’-এর আলাপকালীন সময়ে তিনি পড়ে যান।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টস জানায়, অতিরিক্ত গরমের কারণে জ্ঞান হারান পারেদেস। জরুরিভিত্তিতে চিকিৎসা সেবা প্রদান করা হয়। পরে তিনি নিজেই বোকা জুনিয়র্সের লকার রুমের দিকে এগিয়ে যান।
পারেদেসকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। কয়েক ঘণ্টা পর তিনি ইনস্টাগ্রামে একটি আপডেট শেয়ার করে জানান, তিনি ভালো আছেন।
ম্যাচ চলাকালীন পারেদেসের অস্বস্তির বিষয়টি নিশ্চিত করেছেন বোকা জুনিয়র্সের কোচ রোদোলফো আরুয়াবারেনা। তিনি বলেন, প্রথমার্ধের শেষ দিকে পারেদেস ক্লান্ত বোধ করছিলেন। বিরতির পর কিছুটা ভালো অনুভব করলেও, ১০ মিনিট পর তার পারফরম্যান্সে ভাটা পড়ে।
আরুয়াবারেনা আরও জানান, পারেদেস নিজেই মাঠ থেকে উঠে যাওয়ার অনুরোধ জানিয়েছিলেন। এই পরিস্থিতিতে তার সততা প্রশংসনীয় বলে উল্লেখ করেন তিনি।