রাজধানীর কোর্টসাইড ফুটসাল গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘ফুটসাল ৭ টুর্নামেন্ট ২০২৬’-এর শিরোপা জিতেছে রিয়েল মাদ্রিদ। গত শুক্রবার অনুষ্ঠিত ফাইনালে রিয়েল মাদ্রিদ ম্যানচেস্টার ইউনাইটেডকে পেনাল্টি শুটআউটে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে দুই দলের মধ্যে গোল না হওয়ায় ম্যাচের ফলাফল নির্ধারণ হয় পেনাল্টি শুটআউটে।
ফাইনালে রিয়েল মাদ্রিদের কো-ওনার ও গোলরক্ষক সাব্বির ফেরদৌস রাতুলকে ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত করা হয়। তিনি একই সঙ্গে ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ ও ‘বেস্ট গোলকিপার’ পুরস্কারও লাভ করেন।
টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হিসেবে যৌথভাবে পুরস্কার পেয়েছেন আর্সেনালের মাশফিক ও চেলসির সোহেল জামান। বেস্ট ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের অপু এবং বেস্ট মিডফিল্ডারের পুরস্কার পেয়েছেন একই দলের মতিউর।
৯৭-৯৯ স্পোর্টস কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে ছয়টি দল—আর্সেনাল, বার্সেলোনা, চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়েল মাদ্রিদ। আয়োজকদের মতে, এসএসসি-৯৭ ও এইচএসসি-৯৯ ব্যাচের সদস্যদের মধ্যে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতেই এ ধরনের আয়োজন করা হচ্ছে।