যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ২৫ জন অভিবাসী পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় পৌঁছেছেন। লাইবেরিয়ার একটি সরকারি কমিশন শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত অভিবাসনবিরোধী কঠোর পদক্ষেপের পর গত চার মাসে লাইবেরিয়ায় পৌঁছানো অভিবাসীদের মধ্যে এই ২৫ জন সর্বশেষ। লাইবেরিয়া সরকার ঘোষণা করেছে, আগামী এক বছরে দেশটি সর্বোচ্চ ১,২০০ জন বিদেশি নাগরিককে আশ্রয় দেবে।
লাইবেরিয়ার প্রত্যাবাসন, পুনর্বাসন ও পুনঃএকত্রীকরণ কমিশনের (এলআরআরআরসি) এক প্রতিনিধি জানান, শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ৩৫ মিনিটে ২৫ জন অভিবাসী দেশটিতে পৌঁছান। তাদের মধ্যে দুজন নারী রয়েছেন।
এই দলের অধিকাংশ অভিবাসী দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক। তবে তাদের জাতীয়তা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। লাইবেরিয়া যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের গ্রহণে সম্মত হওয়া আফ্রিকার কয়েকটি দেশের মধ্যে অন্যতম।
অন্য দেশগুলোর মধ্যে রয়েছে সিয়েরা লিওন, নিরক্ষীয় গিনি, ঘানা, রুয়ান্ডা, দক্ষিণ সুদান, ক্যামেরুন, এসওয়াতিনি এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (ডিআর কঙ্গো)।
প্রতিবেদন অনুযায়ী, এসব দেশের সঙ্গে করা চুক্তিতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আর্থিক সহায়তা অথবা পরিবহন ও অন্যান্য লজিস্টিক সুবিধা দেওয়ার বিষয় রয়েছে। লাইবেরিয়া সরকার এর আগে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের গ্রহণে সম্মতি দেওয়ার বিনিময়ে তারা কোনো ধরনের ক্ষতিপূরণ দাবি করেনি।
তবে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসীদের গ্রহণের বিষয়টি বিবেচনা করতে সম্মত হওয়ায় লাইবেরিয়াকে ৫০ লাখ ডলার দেওয়া হয়েছে। দেশটির পররাষ্ট্র দপ্তরের অনুমোদনের পর এ অর্থ প্রদান করা হয়।