সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

স্পেনের ফাইনাল না হলে ২০৩০ বিশ্বকাপ আয়োজন থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি

স্পেনের পিপি নেতা ফেইহো মরক্কোতে ফাইনাল হলে আয়োজক হিসেবে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন।

স্পেনের ফাইনাল না হলে ২০৩০ বিশ্বকাপ আয়োজন থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি

২০৩০ বিশ্বকাপের ফাইনাল মরক্কোতে অনুষ্ঠিত হলে স্পেন বিশ্বকাপের যৌথ আয়োজক থেকে নাম সরিয়ে নেবে। এ হুঁশিয়ারি দিয়েছেন স্পেনের বিরোধী দল পিপলস পার্টির (পিপি) নেতা আলবার্তো নুনিয়েজ ফেইহো।

স্পেন, পর্তুগাল ও মরক্কো যৌথভাবে আগামী ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে। তবে ফাইনালের ভেন্যু নিয়ে তিন দেশের মধ্যে চলছে প্রতিযোগিতা। ফেইহো দাবি করেছেন, বিশ্বকাপের ফাইনাল অবশ্যই স্পেনে হতে হবে। অন্যথায় স্পেনের আয়োজক হিসেবে থাকার প্রয়োজন নেই।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তেও ফাইনাল স্পেনে আয়োজনের পক্ষে অবস্থান নিয়েছেন। মরক্কোর ফুটবল ফেডারেশন সভাপতি ফৌজি লেকজা দাবি করেছেন, ফাইনাল কাসাব্লাঙ্কায় হতে পারে।

এস্পানিওলের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ২৯ নভেম্বরের নির্বাচনে পিপি ক্ষমতায় এলে এবং ফিফা ফাইনাল মরক্কোকে বরাদ্দ দিলে স্পেনকে আয়োজক হিসেবে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিতে পারে। ফেইহো সম্প্রতি টেলিভিশন অনুষ্ঠান ‘এল চিরিঙ্গিতো’তে বলেন, স্পেনেরই বিশ্বকাপ ফাইনাল আয়োজন করা উচিত।

পিপির দাবি, স্পেন ও পর্তুগাল প্রথমে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের উদ্যোগ নিয়েছিল, পরে মরক্কো যুক্ত হয়। তাই ফাইনাল স্পেনে আয়োজন করাকে তারা ন্যায্য মনে করছে। সম্ভাব্য ফাইনাল ভেন্যু হিসেবে স্পেনের সান্তিয়াগো বার্নাব্যু ও ক্যাম্প ন্যু এবং মরক্কোর কাসাব্লাঙ্কার কাছে নির্মাণাধীন গ্র্যান্ড স্টেডিয়াম হাসান দ্বিতীয়কে বিবেচনা করা হয়েছে।

বিজ্ঞাপন