ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৫ম বৈঠক ৮ নভেম্বর, ২০২৬ তারিখে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি স্পীকার হাফিজ উদ্দিন আহমদ।
বৈঠকে অংশগ্রহণ করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এবং জাতীয় সংসদের ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল।
চতুর্থ অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ এবং অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে, অধিবেশন সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে অনুষ্ঠিত হবে এবং ১৮ নভেম্বর, ২০২৬ তারিখে সমাপ্ত হবে।
বৈঠকে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য ১টি সরকারি বিল পাওয়া গেছে। তৃতীয় অধিবেশনের পর ৩টি অধ্যাদেশ জারি হয়েছে, যা অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপিত হবে।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীদের জন্য ৩৫৭৭টি মোট ৩৭৫১টি প্রশ্ন পাওয়া গেছে। এছাড়া বিধি-৭১ এ ৯২টি মনোযোগ আকর্ষণের নোটিশ এবং সিদ্ধান্ত-প্রস্তাব (বিধি-১৩১) এ ২৮১টি নোটিশ পাওয়া গেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে 'ধূমপান মুক্ত এলাকা' ঘোষণা করার প্রস্তাব করেন, যা সকল সদস্য স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন।
বৈঠকে সাউন্ড সিস্টেমের অগ্রগতি সম্পর্কে জানাতে সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া জানান, আগামীকাল বিকাল সাড়ে ৩টায় সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে।
সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে ডেপুটি স্পীকার জানান, সৌর বিদ্যুতের মাধ্যমে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে, যা জাতীয় গ্রিডে যুক্ত হবে।
বৈঠকে সাচিবিক সহযোগিতা করেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। এসময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দও উপস্থিত ছিলেন।