যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ আজ অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ৩৫টি এবং নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সবকটিতে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া, বেশ কয়েকটি অঙ্গরাজ্যে গভর্নর পদেও নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এবছর নিবন্ধিত ভোটারের সংখ্যা ২১ কোটি, যেখানে আগাম ভোট দিয়েছেন ৫ কোটির বেশি ভোটার। নতুন হাউস ও সিনেট ২০২৭ সালের ৩ জানুয়ারি শপথ নেবে।
মার্কিন প্রেসিডেন্টের চার বছরের মেয়াদের মাঝপথে অনুষ্ঠিত হয় এই নির্বাচন। কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের ১০০টি আসনের এক-তৃতীয়াংশ তথা ৩৫টি আসনে ভোট হচ্ছে। নিম্নকক্ষে, প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনে প্রতি দুই বছর পরপর নির্বাচন হয়।
প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠতা পেতে ২১৮ আসন প্রয়োজন। ২০২৪ সালের নির্বাচনে রিপাবলিকানরা ২২০-২১৫ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। তবে সদস্যদের মৃত্যু, পদত্যাগ ও দল পরিবর্তনের কারণে বর্তমানে প্রতিনিধি পরিষদে ২১৮ জন রিপাবলিকান, ২১৪ জন ডেমোক্র্যাট, একজন স্বতন্ত্র সদস্য এবং দুটি শূন্য আসন রয়েছে।
সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে ৫১টি আসন প্রয়োজন। বর্তমানে ৫৩টি আসন নিয়ে রিপাবলিকানরা একক সংখ্যাগরিষ্ঠ অবস্থানে রয়েছে, আর ডেমোক্র্যাটদের আসন সংখ্যা ৪৭।
সিনেটের ৩৫ আসনের মধ্যে ৬ বছরের মেয়াদ শেষে ভোট হচ্ছে ৩৩টিতে। ফ্লোরিডা ও ওহাইওতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর আসন খালি হওয়ায় ভোট হচ্ছে।
এছাড়া, ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচনের জন্যও ভোট হবে আজ।