মাদকমুক্ত ঢাকা গড়ে তোলা এবং মাদক নিয়ন্ত্রণে টেকসই নগর ব্যবস্থাপনার করণীয় নির্ধারণে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) একটি নীতিনির্ধারণী সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (এসটিসি) এ সংলাপ অনুষ্ঠিত হবে। ‘মাদকমুক্ত ঢাকা গড়তে টেকসই নগর ব্যবস্থাপনা’ শীর্ষক এ সংলাপের আয়োজন করছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতি।
সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। এছাড়া উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. জাহিদুল ইসলাম, ঢাকা বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিয়া এবং অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার জিল্লুর রহমান।
অনুষ্ঠানে আরও অতিথি হিসেবে থাকবেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন, ঢাকা পোস্টের সম্পাদক কামরুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান হাফিজুর রহমান।
সংলাপের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পলিসি ডায়লগ অন সাসটেইনেবেল আরবান মেনেজমেন্ট ফর এ ড্রাগ ফ্রি ঢাকা’। এতে মাদকমুক্ত ঢাকা গড়ে তোলার লক্ষ্যে টেকসই নগর ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে আলোচনা হবে।
এ আয়োজনে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়।