জাতিসংঘের সমর্থনপুষ্ট বাহিনীতে কর্মরত চার নিখোঁজ সেনাকে উদ্ধারে ২ হাজারের বেশি সেনা পাঠিয়েছে এল সালভাদর। বুধবার দেশটির সরকার এ তথ্য জানায়।
গত ১৮ অক্টোবর, রাজধানী পোর্ট-অ-প্রিন্সের বাইরে একটি বাজার থেকে ঘাঁটিতে ফেরার পথে চার সেনার সাঁজোয়া যান হামলার শিকার হয়। হামলার পর থেকে তারা নিখোঁজ রয়েছে।
এল সালভাদরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, "বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার সহায়তায় বড় পরিসরে পরিচালিত অভিযানের মাধ্যমে চার সালভাদরীয় সেনাকে উদ্ধারে ২ হাজারের বেশি সেনা মোতায়েন অব্যাহত রাখবে এল সালভাদর।"
হাইতির প্রধানমন্ত্রী আলিক দিদিয়ে ফিলস-আইমের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে। তিনি গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে হাইতির গ্যাংগুলোকে নির্মূল করার হুমকি দেন।
বুকেলে বলেন, "যেভাবে এল সালভাদরে গ্যাংগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, হাইতির গ্যাংগুলো যদি সালভাদরীয় সেনাদের মুক্তি না দেয়, তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে।"
নতুন সেনারা পোর্ট-অ-প্রিন্সের কাছে প্লেইন দু কুল-দ্য-স্যাক এলাকায় নিখোঁজ সেনাদের সন্ধানে আগে থেকেই মোতায়েন থাকা বাহিনীর সঙ্গে যোগ দেবেন।